Sunday, 10 May 2020

আমার সব পাপ



সুচরিতা,

আমার সব পাপ আজ তোমাকে দিলাম । 


যেহেতু এত বড় উপহার পৃথিবীতে 

কেউ কোনদিন দেয়নি

তাই একটু অহংকারী হও ।


আমার যত পাপ ছিল –
দুপুরবেলার নিস্তব্ধতায় অথবা 

সবুজ জামা পড়ান  

তারা সবাই আজ দল বেঁধে

আমার বাড়ির দরজা থেকে রওনা দিল , 

ওরা হাততালি দিতে দিতে হাঁটছিল রাস্তার মাঝখান দিয়ে ,

পথ অপথ মানছিল না ।

কত খানাখন্দ ডোবা পুকুর তারা লাফ দিয়ে পার হল 

ভিক্টোরিয়ার পরীকে  তারা 

একটু জোরে ঘুরিয়ে দিল,

শ্যামবাজারের ঘোড়সওয়ারকে কি তারা 

একটা স্যালুট মেরেছিল ?

এইভাবে নানা কান্ড করতে করতে ওরা  

তোমার ব্যালকনির সামনে গিয়ে উপস্থিত হয়েছে ।  

 

সুচরিতা, 

আমার সব পাপ আজ গ্রহন কর । 

যেহেতু এতটা আর্দ্র উপহার  পৃথিবীতে 
কেউ কোনদিন পায়নি 
তাই একটু অহংকারী হও ।


No comments:

Post a Comment