Saturday, 1 December 2018

প্লটম্ভরের কবিতা


(প্রথম দিন)
শচীনদার কোচিং ক্লাস, জমজমাট;
(কুটীর শিল্প, কিন্তু সবচেয়ে লাভজনক !)
সন্ধ্যাকাল, ব্যগ্র হয়ে নিচ্ছি নোট,
এমন সময় প্রবেশ তোর অচানক।

কোচিং ক্লাসে সেদিন তোর প্রথম দিন,
এমন চোখ দেখেনি আমার ঠাকুরদাও,
এমন দম্ভ পৃথিবীতে লব্ধ নয়-
বাইশ জন বন্ধু ফ্ল্যাট, শচীনদাও !


আসলি আসলি আমার পাশেই বসতে হয়?
অমন করে শুধোতে হয়, "নাম কী তোর?"
আশেপাশে হাত গোটাচ্ছে তেইশ জন,
ঘাবড়ে গিয়ে বেড়িয়ে গেলো "প্ল...প্লটম্ভর"


(পরের দিন)
কেন রে তুই ভুল করে দিলি অঙ্কটায়?
কেন রে তুই সব ব্যাপারে নাক গলাস?
তোর কথা যেই একটু ভাবা, আনমনে,
ভুল হয়ে গেলো ইন্টিগ্রাল ক্যালকুলাস!


(আজ)
আজকে সেসব দৃশ্যপট ঝাপসা খুব,
একলা বসে ভাবছে শুধু প্লটম্ভর,
ধূসর সন্ধ্যা, নীরবতা, রাস্তাঘাট
কোচিং ক্লাস, একটি মেয়ে, "নাম কী তোর?"


Tuesday, 1 September 2015

যখন দুঃখ
















 

 

 

 

যখন খুব দুঃখ আমায় পায়

(অর্থাৎ আমি হাসতে থাকি খুব )

বুঝতে পারি অপদার্থতায়

আমার মত নেই বেশি উজবুক


যেভাবে মানুষ ভেঙ্গে পড়ে ধীরে ধীরে

ঠিক তখন, সৌভাগ্যক্রমে , বলতে হয়

আমার মনে পড়ে যায় সব কথা

আমার সাম্রাজ্য , ঐশ্বর্য , পরিচয় 


ভেবে ভাল লাগে কতটা বোকা ওরা

তবুও কতটা চালাকি করে শেষে

কুটিপাটি হয় যুদ্ধ জিতেছে ভেবে

সম্রাটকে চ্যালেঞ্জ জানিয়ে এসে


আমি তখন মাথা উঁচু করে হাঁটি

পথের শিশুর গালেতে বোলাই হাত

ভিখিরিদের নিয়ে সংগঠন করি 

আমাকে দেখে তখন ওরা তো কাত                                                                                      


আমাদের




আমাদের যেসব নদীর তীরে যাওয়া হল না 

সেসব নদী অন্ধকারে উজ্বলতা ছড়ায়

যেসব পাহাড়ে তাবু ফেলার কথা ছিল

কুয়াশা তাদের ঘিরে আছে এখনো

যেসব শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়া যেত

সেপথ আজও খুঁজে পায়নি কেউ

অন্য একটা কবিতা লেখা যেত হয়ত

কেউ জানে না, কেউ জানে না , কেমন হত সেটা |